রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কবি আল মুজাহিদীর মৃত্যুতে চাকসুর শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:০২ পিএম

কবি আল মুজাহিদীর মৃত্যুতে চাকসুর শোক

ছবি: প্রতিনিধি

প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক ও তাত্ত্বিক এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিন্তক কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শুক্রবার (১৯ জুন) চাকসু সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব স্বাক্ষরিত এক অনলাইনে প্রচারিত শোকবার্তায় চাকসু নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদীর মৃত্যু দেশের সাহিত্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

শোকবার্তায় উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর ২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন নির্ভীক বুদ্ধিজীবী, সংগ্রামী সাংস্কৃতিক কর্মী এবং জাতীয় চেতনার নিবেদিতপ্রাণ কণ্ঠস্বর।

চাকসু জানায়, আইয়ুববিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জীবনের বিভিন্ন সময়ে অন্যায়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন কবি আল মুজাহিদী। এ কারণে তাঁকে একাধিকবার কারাবরণও করতে হয়। মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠক ও তাত্ত্বিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে সক্রিয় অবস্থান গ্রহণ করেন।

শোকবার্তায় আরও বলা হয়, তাঁর সাহিত্যকর্ম, বিশেষ করে কবিতা, স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও মুক্তির স্বপ্নের বাহন হিসেবে ব্যবহার করেছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন।

চাকসু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, পাঠক ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শোকবার্তার শেষে আল্লাহ তাআলার কাছে মরহুমের জান্নাতুল ফেরদাউস নসিব এবং তাঁর পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!