মোতাহের উদ্দিন
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি
ব্যক্তিগত আপ্যায়ন, চা-নাস্তা ও যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ করা ৪ লাখ টাকা ব্যয় না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে ইব্রাহিম হোসেন রনি জানান, চাকসু ভিপি হিসেবে তাঁর কার্যকালের জন্য আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে ৪ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে তিনি ওই বরাদ্দ থেকে ব্যক্তিগত কাজে কোনো অর্থ ব্যয় করেননি। পুরো অর্থই অব্যবহৃত অবস্থায় ছিল।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র হল, হোস্টেল এবং শহীদ সূর্যসেন হলের ছাত্রী ব্লকে দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি থেকে তৈরি খাবার নিয়ে এলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় খাবার নষ্ট হয়ে যায়।
ইব্রাহিম হোসেন রনি জানান, বরাদ্দের পুরো ৪ লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হল, ১টি হোস্টেল ও ১টি হলের ছাত্রী ব্লকে মোট ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হবে।
তিনি বলেন, “হলের শিক্ষার্থীরা বাড়ি থেকে খাবার আনার পর সেগুলো কোথাও রাখতে পারে না, জরুরি ওষুধও রাখার মতো কোনো ফ্রিজ নেই। আমি আশা করি, আমার এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও কাজে দেবে।”
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব তাঁর জন্য আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ করা ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় না করে পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া চাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগেও ছাত্রী হলগুলোতে আরও পাঁচটি ডিপ ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
মাতৃভূমির খবর