মোতাহের উদ্দিন
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি
শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, ব্যক্তিগত ব্র্যান্ডিং, সিভি প্রস্তুতি ও চাকরির সাক্ষাৎকার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)-এর আয়োজনে এবং নেক্সটজবজ লিমিটেডের উপস্থাপনায় এ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সিইউসিসির সাধারণ সম্পাদক উম্মে হুমায়রা সায়কা আফসার। পরে নেক্সটজবজ লিমিটেডের চিফ সোশ্যাল অফিসার সৌমিক আহমেদের মূল বক্তব্যের মধ্য দিয়ে মাস্টারক্লাসের মূল পর্ব শুরু হয়।
বক্তব্যে সৌমিক আহমেদ একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, ব্যক্তিগত দক্ষতা ও নিজেকে সঠিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেন। সিভি ও সাক্ষাৎকারে নিজের স্বাতন্ত্র্য, দক্ষতা ও সম্ভাবনা নিয়োগদাতার কাছে কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।

ক্যারিয়ারের শুরুতে নিয়মিত শেখা, নিজেকে বিকশিত করা, প্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এবং অর্থবহ কাজের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিবিএ শিক্ষার্থীদের মার্কেটিং খাত সম্পর্কে ধারণা রাখার পরামর্শ দেন।
পরে সৌমিক আহমেদ, কোয়াটস বাংলাদেশের এইচআরবিপি ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড নার্গিস আক্তার এবং নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসানের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্যারিয়ারের শুরুতে সঠিক সুযোগ নির্বাচন, শেখার মানসিকতা, ঝুঁকি গ্রহণ ও ব্যক্তিগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া র্যাপিড-ফায়ার ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকেরা। আলোচনায় সিভিতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার, প্রতিটি চাকরির আবেদনের জন্য আলাদাভাবে সিভি প্রস্তুত এবং লিংকডইনের মাধ্যমে সংশ্লিষ্ট এইচআর ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের মতো বিষয় উঠে আসে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মক ইন্টারভিউ ফর ইন্টার্নশিপ’ পর্ব। এতে পাঁচজন অংশগ্রহণকারী সরাসরি সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। মক ইন্টারভিউ শেষে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হন উম্মে হুমায়রা সায়কা আফসার ও আশিকুর রহমান।
অনুষ্ঠানে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। পরে সিইউসিসির সভাপতি তানভীর হোসাইনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
পুরো অনুষ্ঠানটি সিইউসিসির কনটেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের সদস্য নুশাবা রহমান সঞ্চালনা করেন।
মাতৃভূমির খবর