মোতাহের উদ্দিন (চবি প্রতিনিধি)
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবিঃ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক ছাত্রী হলে একটি করে মোট পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ডিপ ফ্রিজগুলো সংশ্লিষ্ট ছাত্রী হলগুলোতে পৌঁছে দেওয়া হবে।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, জিএস হিসেবে আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে তাঁর জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছিল। তবে তিনি ওই বাজেট থেকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ ব্যয় করেননি এবং বরাদ্দের কোনো অর্থও উত্তোলন করেননি।
তিনি বলেন, দায়িত্বের শেষ সময়ে এসে তাঁর মনে হয়েছে, বরাদ্দের অর্থ শিক্ষার্থীদের এমন একটি প্রয়োজন পূরণে ব্যয় করা উচিত, যার প্রয়োজন দীর্ঘদিনের। বিশেষ করে ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের।
সাঈদ বিন হাবিব বলেন, অনেক ছাত্রী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। আবার কেউ কেউ হলে নিজেরা রান্না করে খাবার খান। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করা সম্ভব না হওয়ায় খাবার নষ্ট হয়ে যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করেই পাঁচটি ছাত্রী হলে একটি করে ডিপ ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবাসিক ছাত্রীদের খাবার সংরক্ষণের সমস্যা কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাতৃভূমির খবর