মোতাহের উদ্দিন
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের একটি কক্ষে ছাদের পলেস্তারাসহ অংশবিশেষ খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে হলের ৪০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ওমর বিন কাসেম ইফতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হলটির বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।
ঘটনায় তাঁর হাঁটু সামান্য কেটে যায় এবং হাতে ব্যথা পান বলে জানান তিনি।
ওমর বিন কাসেম ইফতি বলেন, ঘটনার সময় তিনি কক্ষের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারাসহ একটি অংশ তাঁর গায়ে এসে পড়ে।
তিনি বলেন, “তেমন সিরিয়াস কোনো ইনজুরি হয়নি। অল্পের জন্য আমার মাথায় পড়েনি।”
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, এক বছরও হয়নি ওই কক্ষের ছাদ ও সিলিংয়ে সংস্কারকাজ করা হয়েছে। এর মধ্যেই ছাদের অংশ খসে পড়ায় সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ ধরনের ঘটনা ঘটছে।
এ ঘটনায় হলের অন্য শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে।
মাতৃভূমির খবর