মোতাহের উদ্দিন (চবি প্রতিনিধি)
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবিঃ প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে টাঙানো ব্যানার-ফেস্টুন দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রীন ক্যাম্পাস’।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ব্যানার-ফেস্টুনের সচেতন ব্যবহার, প্রতিটা সংগঠনের অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘আওয়ার গ্রীন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপদেষ্টা ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবউদ্দিন এবং সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জানে আলম।
এ ছাড়া চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখা প্রতিটি সংগঠনের দায়িত্ব। বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান শেষে ব্যানার-ফেস্টুন যথাসময়ে অপসারণ না করায় ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে।
তারা বলেন, কোনো সংগঠনের কর্মসূচি শেষ হওয়ার পর নিজেদের লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে। কর্মসূচি শেষ হওয়ার পরপরই স্ব-স্ব সংগঠনের উদ্যোগে এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়া উচিত।
ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় সব সংগঠনকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
মাতৃভূমির খবর