রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৬:৩০ পিএম

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

ছবি: সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, যারা এখনো মাদক কারবারে যুক্ত রয়েছেন, তাদের অবিলম্বে এই পথ থেকে ফিরে আসা উচিত। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হলে কাউকে রক্ষা করার সুযোগ থাকবে না।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময় ধরে দেশে মাদককে কেন্দ্র করে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। এই অবৈধ কার্যক্রম সমাজ, পরিবার এবং তরুণ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দাবি করেন, কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসার মাধ্যমে সাময়িকভাবে প্রভাবশালী হওয়া গেলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই যারা এখনো এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তাদের জন্য এখনই সঠিক পথে ফিরে আসার সুযোগ রয়েছে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলে কোনো সুপারিশ বা তদবির গ্রহণ করা হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের দায়িত্ব আইন অনুযায়ী পালন করবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাব যেন তাদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, বর্তমান সরকার পরিবারে নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগও পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!