রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে থাকা ১৫০ পর্যটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১০:৩৭ এএম

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে থাকা ১৫০ পর্যটক

ছবি: সংগৃহীত

টানা দুই দিন পাহাড়ি এলাকায় আটকে থাকার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ফিরেছেন। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা সাজেক পর্যটন এলাকায় আটকা পড়েছিলেন।

বুধবার সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেলে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক সাজেকে আটকা পড়েন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সড়কের পানি না কমায় স্বাভাবিকভাবে তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না।

পরিস্থিতি বিবেচনায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয় সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে বাঘাইহাট এলাকার সেনাসদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বৃহস্পতিবার সেনাসদস্যরা ভেলা ও নৌকার সহায়তায় পর্যটকদের দুর্গম পথ পার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পরে তাদের খাগড়াছড়ির দীঘিনালা হয়ে জেলা সদরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে গন্তব্যের পথে রওনা হয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাজেকে এখনও অবস্থান করা বাকি পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া ও সড়কের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগপূর্ণ সময়ে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!