প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১১:৩০ এএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রীবাহী সাগরদাঁড়ি এক্সপ্রেসের চালকের রহস্যজনক অনুপস্থিতিকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। নির্ধারিত সময় অনুযায়ী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি থাকলেও চালককে ইঞ্জিনে না পাওয়ায় প্রায় এক ঘণ্টা ১০ মিনিট ট্রেনটি স্টেশনে আটকে থাকে। এতে রাজশাহীগামী যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী স্বল্প সময়ের যাত্রাবিরতির পর ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত দেওয়া হলেও চালককে ইঞ্জিনে পাওয়া যায়নি। পরে দেখা যায়, ইঞ্জিনের দরজা বন্ধ এবং ইঞ্জিনও বন্ধ অবস্থায় রয়েছে। এতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
চালকের অনুপস্থিতির বিষয়টি জানাজানি হলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। কেউ গুরুত্বপূর্ণ কাজে, কেউ আবার পরীক্ষায় অংশ নিতে গন্তব্যে যাচ্ছিলেন। বিলম্বের কারণে তাদের অনেকে নির্ধারিত সময় নিয়ে দুশ্চিন্তায় পড়েন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে স্টেশনে বিক্ষোভও শুরু হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে সেখান থেকে সরে যান বলে জানা গেছে।
ঘটনার প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর চালক মাহবুবুর রহমান স্টেশনে ফিরে আসেন। তবে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করেই ইঞ্জিনে উঠে ট্রেনটি পুনরায় চালু করেন এবং রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করেন।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চালকের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হবে। কেন দায়িত্ব পালনরত অবস্থায় তিনি ইঞ্জিন ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



