রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে ফের উত্তাপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ০৩:৫২ পিএম

রাজধানীর বাজারে সবজির দামে ফের উত্তাপ

সংগৃহীত

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্বস্তি বাড়িয়েছে সবজি, মাছ, মাংস ও ডিমের বাড়তি দাম। বিশেষ করে কাঁচা মরিচের দাম ক্রেতাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর সঙ্গে পেঁয়াজ, মাছ, মুরগি ও ডিমের দামও তুলনামূলক বেশি রয়েছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রায় ৪০০ টাকায়। বেগুনের দাম মানভেদে ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১৪০ টাকা কেজি। পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি।

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায়। পাশাপাশি কচুর লতি, কচুরমুখি ও শসার দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকসবজির মধ্যেও দামের ভিন্নতা রয়েছে। দেশি ধনেপাতা প্রতি কেজি ৩০০ টাকা এবং সংকর জাতের ধনেপাতা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা। বিভিন্ন ধরনের শাকও বিক্রি হচ্ছে বাড়তি দামে।

মাছের বাজারেও স্বস্তি নেই। চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা প্রায় ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং বাইম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। ইলিশের দামও আকারভেদে ১ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

মুরগির বাজারে সোনালি মুরগি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা এবং ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম প্রায় ৭৫০ টাকা। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস প্রায় ১ হাজার ৩০০ টাকা কেজি।

ডিমের বাজারেও বাড়তি দামের প্রভাব দেখা গেছে। এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির চারটি ডিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে পণ্যের এমন বাড়তি দামে সাধারণ ক্রেতাদের দৈনন্দিন বাজার খরচ বেড়েছে। সীমিত আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!