রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই দিনেই ১১৫ নতুন রোগী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:৫৬ এএম

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই দিনেই ১১৫ নতুন রোগী

ফাইল ছবি

বর্ষার বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কুমিল্লা জেলায় ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। চলতি বছরের জুলাই মাসজুড়ে জেলায় কয়েকশ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আগস্টের প্রথম দুই দিনেই নতুন করে আরও শতাধিক রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার দাউদকান্দি উপজেলাকে ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে কুমিল্লা জেলায় মোট ৪৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু দাউদকান্দি উপজেলাতেই আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন। নতুন মাসের শুরুতেও সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে। আগস্টের প্রথম দুই দিনেই জেলায় আরও ১১৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, যার মধ্যে দাউদকান্দিতে আক্রান্ত হয়েছেন ২১ জন।

জানা গেছে, উপজেলার সবজিকান্দি, নাগেরকান্দি ও সাহাপাড়া গ্রামে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব এলাকায় মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানানো হয়েছে।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত মাসে ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, বর্ষাকাল অব্যাহত থাকায় আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, প্রথমে জ্বর, শরীরব্যথা ও দুর্বলতা দেখা দেওয়ার পর পরীক্ষায় তাদের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ শাজাহান জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, শয্যা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!