রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ দলে কমিটি বাণিজ্যের অভিযোগে নেতাকর্মীদের ঝাড়ুমিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৫:২৪ পিএম

নিষিদ্ধ দলে কমিটি বাণিজ্যের অভিযোগে নেতাকর্মীদের ঝাড়ুমিছিল

সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি গঠনে অর্থের বিনিময়ে পদ বণ্টন, বিবাহিত ব্যক্তি এবং অছাত্রদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার অভিযোগ তুলে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত বলে দাবি করা কয়েকজন নেতাকর্মী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মুখোশ পরিহিত প্রায় ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী ঝাড়ু হাতে মিছিল করেন। মিছিল চলাকালে তারা নতুন কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে পদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নীতিমালা উপেক্ষা করে বিবাহিত ব্যক্তি ও অছাত্রদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে দাবি করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্যেও একই ধরনের অভিযোগ উঠে আসে। কয়েকজন পদপ্রত্যাশী দাবি করেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এমনকি কারও কারও নাম তাদের সম্মতি ছাড়াই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর কয়েকজন নবনির্বাচিত পদধারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাদের মধ্যে কেউ দাবি করেন, তিনি বিবাহিত হওয়ায় সংগঠনের নীতিমালা অনুযায়ী দায়িত্বে থাকা সমীচীন নয়। আবার কেউ বলেন, তার অজান্তেই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যক্তিগত পদ নয়, সংগঠনের দায়িত্বই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তবে কমিটি গঠনকে ঘিরে ওঠা অর্থ লেনদেন, পদ বাণিজ্য এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, ঝাড়ুমিছিলের বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!