রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটালেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:১১ পিএম

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটালেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে তাঁর নিজ বাসায় গিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যে জানা গেছে।

ঘটনাটি বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় ঘটে। আহত বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, শামীম আহমদের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত পাতায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও পোস্ট দেওয়া হয়। এসব পোস্টের মন্তব্যের ঘরে পাল্টা বক্তব্য দেন ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে বুধবার সন্ধ্যায় শামীম আহমদ বকুলের বাসায় গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

মারধরের ঘটনায় আহত বকুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হলে তিনি সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

তবে হাবিবুর রহমান হাবিবকে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান। তাঁর ভাষ্য, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে, কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে পাঠানো হয়েছে। ফলে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগের সঙ্গে ওই গ্রেপ্তারের সরাসরি সম্পর্ক নেই বলেও পুলিশের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। সমাবেশ থেকে অভিযুক্ত শামীম আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মন্তব্যের জের ধরেই শামীম আহমদ বকুলের বাসায় গিয়ে হামলা করেছেন। তাঁর দাবি, হামলার পর আশপাশের নেতা-কর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে অভিযুক্ত শামীম আহমদের বক্তব্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগতভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!