রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট থেকে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৩:৩৫ পিএম

সিলেট থেকে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘ প্রায় আট বছর পর আবারও কোনো বিদেশি বিমান সংস্থার সরাসরি আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ওমানভিত্তিক সালাম এয়ারের একটি উড়োজাহাজ ২২৪ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে যাত্রা করে। দীর্ঘ বিরতির পর সরাসরি বিদেশি উড়োজাহাজ চলাচল শুরু হওয়ায় সিলেটের যাত্রী ও প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গসিলেট থেকে কোনো বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুলবার সকাল ৭টা ৫৫ মিনিটে সালাম এয়ারের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিদেশি বিমান সংস্থার উড়োজাহাজটির আগমন উপলক্ষে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ আয়োজনে স্বাগত জানায়। উড়োজাহাজটি অবতরণের পর পানির ফোয়ারা দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কটের উদ্দেশে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর সিলেট থেকে সরাসরি ওমান যাতায়াতের সুযোগ পুনরায় চালু হলো।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাম এয়ারের উড়োজাহাজ বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটিকে স্বাগত জানানো হয়। পরে নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কটের উদ্দেশে যাত্রা করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ পুনঃস্থাপনের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, সিলেট বিভাগের বিপুলসংখ্যক মানুষ ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত রয়েছেন। সরাসরি উড়োজাহাজ চলাচল চালু হওয়ায় তাদের যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

এতদিন সিলেট থেকে সরাসরি ওমান যাওয়ার সুযোগ না থাকায় অনেক যাত্রীকে দেশের অন্য আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে হতো। এতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ার পাশাপাশি যাতায়াতের খরচ ও বিড়ম্বনাও বাড়ত। বিশেষ করে প্রবাসী কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং জরুরি প্রয়োজনে বিদেশ যাতায়াতকারী যাত্রীদের জন্য বিষয়টি ছিল বেশ ভোগান্তির।

সরাসরি সিলেট-মাস্কট আকাশপথ চালু হওয়ায় এখন এসব যাত্রীর জন্য যোগাযোগ অনেক সহজ হবে। ছুটির সময়, ঈদ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে দ্রুত দেশে ফিরতে চাওয়া প্রবাসীরাও এর সুফল পাবেন। একইভাবে বাংলাদেশ থেকে ওমানে যাওয়া যাত্রীদেরও দেশের অন্য শহরে গিয়ে উড়োজাহাজ ধরার প্রয়োজন কমবে।

সালাম এয়ার তুলনামূলক কম খরচে যাত্রী পরিবহনের জন্য পরিচিত হওয়ায় নতুন এই আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে সিলেটের প্রবাসীদের ব্যয়ও কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে শুধু যাত্রীসেবাই নয়, সিলেটের সঙ্গে ওমানের যোগাযোগ ও প্রবাসীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘ আট বছর পর সিলেট থেকে বিদেশি বিমান সংস্থার সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হওয়ায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি উড়োজাহাজ চলাচলের সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশাও করছেন সিলেটের যাত্রী ও প্রবাসীরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!