প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৯:৫৪ এএম
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, শনিবার রাতে তারা মিয়াসহ কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর তার সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে দ্রুত সরে গিয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে তারা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে পড়েছে। গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনার একপর্যায়ে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির ঘটনা জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলোচনায় বিএসএফের পক্ষ থেকে একজন বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে নিহত যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সীমান্তে ঘটে যাওয়া এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রক্রিয়াও চলছে।



