রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০২:১৭ পিএম

বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী

সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক করে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে একই সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে গ্রামে নিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ। তাঁর বয়স প্রায় ৩৫ বছর। তিনি ভারতের জলপাইগুড়ি এলাকার বাসিন্দা এবং চা-বাগানের শ্রমিক বলে জানা গেছে। শনিবার সকালে সীমান্তসংলগ্ন একটি কৃষকের আখখেতে তাঁকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাঁকে গ্রামের ভেতরে নিয়ে গিয়ে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়।

অন্যদিকে, কয়েক দিন আগে বিরাজোত সীমান্তে তমিজ উদ্দিন নামের ৭৮ বছর বয়সী এক বাংলাদেশি নিখোঁজ হন। পরিবারের দাবি, নিজের একটি গরু সীমান্তের ওপারে চলে যাওয়ার পর সেটি ফেরত আনতে গিয়ে তমিজ উদ্দিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

তমিজ উদ্দিনের পরিবার জানিয়েছে, তিনি বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল। কয়েক দিন ধরে তাঁকে ফিরে না পাওয়ায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়ে। তাঁর ছেলে বাবাকে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে দীপঙ্করকে আটকের পর সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁদের দাবি, তমিজ উদ্দিনকে ফেরত না দেওয়া পর্যন্ত তাঁরা ভারতীয় নাগরিককে ছাড়বেন না।

ঘটনার পর বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিক আটকের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাঁকে চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বিজিবি।

অন্যদিকে, স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্তে দুই দেশের নাগরিক আটকের ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!