প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১২:০৩ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান এবং মধুপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে হাওদা বিলের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চায়না দুয়ারী জালের মতো ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।



