প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৬:২৩ পিএম
গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
বিক্ষোভকারী সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে তারা নিয়মিত সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে পারছেন না। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত গ্যাস সংকট নিরসন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন ধরনের পরিবহন আটকা পড়ে। এতে যাত্রীদের পাশাপাশি অফিসগামী ও কর্মস্থলমুখী মানুষের ভোগান্তি চরমে পৌঁছে।
চালকরা দ্রুত গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ভোগান্তিতে পড়া যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।



