প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৭:৪০ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দুটি দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজার কাজে ব্যবহৃত স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্রও চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, জলছত্র হরিসভা মন্দিরটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ইতিহাসে এ ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানান তারা। চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। তিনি জানান, চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
মন্দির কর্তৃপক্ষ দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
এদিকে, স্থানীয়রা মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।



