প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৮:০৫ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ফল প্রকাশের পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নিয়োগের ফলাফল পুনরায় পর্যবেক্ষণ, তদন্ত ও নতুন করে সঠিক ফলাফল প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়েও স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত ফলাফল পুনরায় পর্যবেক্ষণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়। পাশাপাশি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানানো হয়।
এর আগে একই বিষয়ে গোপালপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হীরা মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার শিশির, সাবেক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকারসহ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিদাতারা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। নিয়োগের ফলাফল নিয়ে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



