প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৪:২৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে নিজ শিশু কন্যাকে হত্যার পর এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন ধুপুরিয়া গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তার ১১ বছর বয়সী মেয়ে রাজিয়া।
স্থানীয়দের দেওয়া তথ্য ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কণিকার স্বামী রাজিব বর্তমানে সিলেটে অবস্থান করছেন। শুক্রবার দুপুরে বাড়িতে মা ও মেয়েকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কণিকা আক্তার তার শিশুকন্যাকে গলা টিপে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেন। তবে কী কারণে এবং ঠিক কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।



