প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:১৯ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ২০২৫ সালে অবসর নেওয়া শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আহম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা স্মরণ করে তাদের অবসর জীবন সম্মানজনক করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাসাস ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি চাকরিজীবীদের ন্যায় পিআরএল পদ্ধতি চালু অথবা অবসরের এক বছরের মধ্যে সকল পাওনা পরিশোধের দাবি জানান।
পরে ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ আব্দুল ওয়াহেদ আকন্দ।



