প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৩২ এএম
বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর নাবিকদের উদ্ধারে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক ছিলেন। অন্যদের মধ্যে ২০ জন চীনের এবং তিনজন মিয়ানমারের নাগরিক।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশেন উইনার। এটি ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া বহন করা হচ্ছিল।
জানা গেছে, গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। দুই দিন পর ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয়কেন্দ্র জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ করে। এরপর ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও উদ্ধারকাজে সহযোগিতার জন্য সতর্ক করা হয়।
অভিযানে উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজকে পাঠানো হয়েছে। আরও একটি জাহাজও উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়েছে। এরই মধ্যে একটি জীবনরক্ষাকারী ভেলা থেকে দুজন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে বাকি নাবিকদের সবার অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি অব্যাহত রয়েছে। বাংলাদেশের নাগরিক নাবিকের বর্তমান অবস্থাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।



