রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর ৫ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৩:৩০ পিএম

বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর ৫ জেলের মরদেহ উদ্ধার

সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দুপুরে পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে সাগরে ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে মোট ১৩ জন জেলে ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের সহায়তায় আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে পাঁচজন জেলে নিখোঁজ থাকায় তাদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান শুরু করা হয়।

নিখোঁজ পাঁচজন হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লার বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার সময় সাগর ছিল অত্যন্ত উত্তাল। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের মধ্যে কয়েকজন জেলে ট্রলারের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বড় ঢেউ আঘাত করলে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এরপর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় প্রাণে বেঁচে যান।

এদিকে নিখোঁজ পাঁচজনের সন্ধানে ট্রলার মালিক ও মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে একটি উদ্ধারকারী ট্রলার গভীর সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর মঙ্গলবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, পাঁচ জেলের মরদেহ একটি ট্রলারে করে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারের খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। মরদেহ উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত ও পারিবারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!