রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জীবননগরের মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৯:২৯ এএম

জীবননগরের মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ছবি: প্রতিনিধি

সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

সোমবার বিকেল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জীবননগর থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুলিশ সুপার বলেন, “আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। তাই সমাজ থেকে মাদক নির্মূলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রয়োজন।”

তিনি বলেন, “মাদক হচ্ছে সমস্ত অপকর্মের মূল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মাদককে ‘উম্মুল খাবায়েস’ অর্থাৎ সব অপরাধ ও কুকর্মের জননী হিসেবে উল্লেখ করেছেন। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সমাবেশ শেষে সীমান্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৬ জন মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং স্বাভাবিক জীবনে ফেরার শপথ করান।

জীবননগর থানার ওসি এস এম সোলাইমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান (খোকন), সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষক তারেকুজ্জামান তারেক, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক ও মাওলানা তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর থানার ওসি (তদন্ত) মো. আতিয়ার রহমান। স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!