রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহে বাসচাপায় গৃহবধূ নিহত, আহত সেনাসদস্য স্বামী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০১:২৩ পিএম

ঝিনাইদহে বাসচাপায় গৃহবধূ নিহত, আহত সেনাসদস্য স্বামী

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তুলি খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সোহেল গুরুতর আহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকার গ্যাসডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস সড়কের গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পার্শ্বসড়ক থেকে একটি রিকশা মূল সড়কে ওঠে। রিকশাটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পেছন দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের নিচে তুলি খাতুন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার স্বামী সোহেলও আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সোহেলকে উদ্ধার করেন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!