রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কামান্না পশ্চিমপাড়া গ্রামে এক কিশোরীর শারীরিক পরিবর্তন নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কিশোরীর শারীরিক গঠন ও আচরণে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে কেউ কেউ বিষয়টিকে ‘মেয়ে থেকে ছেলেতে রূপান্তর’ হিসেবে প্রচার করছেন। তবে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন দাবি সত্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কামান্না পশ্চিমপাড়া এলাকায় উৎসুক মানুষের ভিড়ও দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ালেও কিশোরীর পরিবার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
চিকিৎসকদের মতে, বয়ঃসন্ধিকালে হরমোনের ভারসাম্যহীনতা, জিনগত বৈশিষ্ট্য বা জন্মগত কিছু শারীরিক অবস্থার কারণে শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে কী ঘটেছে তা জানতে শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় মেডিকেল টেস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
এ বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা বিষয়টি নিয়ে গুজব ছড়ানো উচিত নয়। কিশোরীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে বৈজ্ঞানিকভাবে বিষয়টি যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্থানীয় সচেতন মহলও অন্ধবিশ্বাস ও গুজবে কান না দিয়ে বিষয়টি নিয়ে দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাতৃভূমির খবর