রাহাত শরীফ
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি
সুখী পল্লীমা সোসাইটি এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উক্ত সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক নয়াদিন পত্রিকার সম্পাদক এবং হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আল হেলাল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) হাদিরা ইউনিয়নের এইচবি মো. আব্দুস সালাম পিন্টু কলেজ মাঠ প্রাঙ্গণে সুখী পল্লীমা সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া চারজন শিক্ষার্থীও বিশেষভাবে সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখী পল্লীমা সোসাইটির চেয়ারম্যান, দৈনিক নয়াদিন পত্রিকার সম্পাদক এবং হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আল হেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজলী লিয়াকত, সম্মানিত সদস্য খোরশেদুজ্জামান মন্টু, সুখী পল্লীমা সোসাইটির প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাদিরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রেরণা দেওয়া সম্ভব।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। রাহাত শরীফ/ টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মাতৃভূমির খবর