রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাসাইলে রাতের আঁধারে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০২:২৮ পিএম

বাসাইলে রাতের আঁধারে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাকি তিনটি ঘোড়া জবাই করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা অন্য এলাকা থেকে ঘোড়াগুলো এনে বর্ণীকিশোরী এলাকার নির্জন পরিত্যক্ত বাড়িতে জবাই করে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ১০টি ঘোড়ার মধ্যে সাতটির মাংস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি তারা।

সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে, আর তিনটি জবাই করে ফেলে রেখে গেছে। এ ধরনের ঘটনায় মানুষ বাজার থেকে গরুর মাংস কেনার ক্ষেত্রেও আস্থা হারিয়ে ফেলতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও ভোর হয়ে যাওয়ায় তিনটির মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!