রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৩:৩২ পিএম
ছবিঃ এআই
টাঙ্গাইলের গোপালপুরে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় প্রথমে চারটি ছাগলকে আক্রমণের পর একটি বাড়িতে ঢুকে গরু ও তিনজন মানুষকে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে জামতৈল এলাকায় একটি পাগলা শেয়াল প্রথমে চারটি ছাগলের ওপর হামলা চালায়। পরে একই দিন দুপুর প্রায় ২টার দিকে শেয়ালটি স্থানীয় রোকনের বাড়িতে ঢুকে একটি গরুকে আক্রমণ করে। এ সময় রোকনের স্ত্রী সাজেদা বেগমকে কামড় দেয়। পরে একই এলাকার রহিম, পিতা—মৃত আব্দুল গনি, এবং আরও একজনকে কামড় দেয় বলে জানা গেছে।
শেয়ালের হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অন্যদিকে আক্রান্ত গরুগুলোও চিকিৎসাধীন রয়েছে।
আহত সাজেদা বেগমের স্বামী ফরহাদ আলী বলেন, “আমাদের ঘরবাড়িতে ঢুকে পাগলা শেয়াল গরুকে আক্রমণ করে এবং আমার স্ত্রীসহ আরও দুজনকে কামড় দিয়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। স্ত্রীসহ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গরুগুলোও চিকিৎসাধীন রয়েছে।”
এ ঘটনায় জামতৈল গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা শেয়ালটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাতৃভূমির খবর