প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানকে ঘিরে যুদ্ধ ও সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বলপ্রয়োগের পথ থেকে সরে এসে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় গভীর রাতে মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ওই ফোনালাপে দুই দেশের নেতারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ফোনালাপে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। অন্যদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাকে চলমান যুদ্ধ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত করেন।
এর কিছু সময় পর রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক সংকট সমাধানে কূটনৈতিক ও রাজনৈতিক পথ অনুসরণের ওপর জোর দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ রাখছে। ফোনালাপে পুতিন ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে সংহতি প্রকাশ করেছেন।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন আলোচনা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে ২৭ ফেব্রুয়ারি সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর পরদিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েল-ও ইরানে আরেকটি সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন।
এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পাশাপাশি এ সংঘাতে রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



