প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:৪০ পিএম
চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চীন।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন, সম্ভাব্য এই সফর ও বৈঠক ঘিরে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।
ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোই প্রধান আলোচ্য হবে।
তবে সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শর্তের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বেইজিং যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সহযোগিতা না করে, তবে তিনি শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করতে পারেন।
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, তার এই অনুরোধ উপেক্ষা করা হলে তা চীনের মিত্র রাষ্ট্র এবং সামরিক জোটভুক্ত দেশগুলোর ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি গুরুত্বপূর্ণ নির্দেশকের ভূমিকা পালন করে। তবে সামরিক জোট বা চীনের ওপর চাপের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য উদ্বেগজনক।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করতে পারেন। যদিও এই সম্ভাব্য সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বেইজিং।
সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দেশের উচ্চপর্যায়ের অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।



