রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ ইস্যুতে নতুন বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:৫৬ পিএম

ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ ইস্যুতে নতুন বার্তা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে ইরানের অবশিষ্ট শক্তিও ধ্বংস করা হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব সেই সব দেশের ওপর ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই জলপথ ব্যবহার করে কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আমাদের জন্য অপরিহার্য নয়। বরং অন্যান্য দেশগুলোকেই এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে মিত্র দেশগুলো দ্রুত সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বাড়েছে। সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।

ইরান একাধিকবার জানিয়েছে, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ নয়। তবে তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কোনো জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের হরমুজ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও বেশিরভাগ দেশ এখনো এতে সাড়া দেয়নি। ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে এর প্রভাব আরও গভীর হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!