প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০১:২৬ পিএম
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে, পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সামরিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা শেষ পর্যন্ত আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একটি হারকিউলিস সি-১৩০ মডেলের পরিবহন বিমান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ভূপাতিত হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি কোনো হামলার শিকার হয়নি এবং এর চালকেরা অভিজ্ঞ ও প্রশিক্ষিত ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।



