প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:২৬ এএম
দীর্ঘ ১০ দিনের মহাকাশযাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে আর্টেমিস-২। এর মাধ্যমে অর্ধশতাব্দীরও বেশি সময় পর চাঁদকে কেন্দ্র করে মানুষের নতুন যুগের অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।
শুক্রবার স্থানীয় সময় বিকেলের দিকে সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে মহাকাশযানটি। অবতরণের পর মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি ও তার সহযাত্রী তিন নভোচারী সুস্থ আছেন।
এই অভিযানে নভোচারীরা প্রায় ১১ লাখ ১৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন। মহাকাশযানের ক্যাপসুলটি পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে চাঁদের কাছ দিয়ে একটি ঐতিহাসিক উড্ডয়ন সম্পন্ন করে, যা মানুষের জন্য এখন পর্যন্ত সবচেয়ে দূরের মহাকাশ ভ্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই মিশনের মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ অভিযানের দূরত্বের রেকর্ডও অতিক্রম করা হয়েছে। ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলার লক্ষ্য সামনে রেখেই এই অভিযান পরিচালিত হয়েছে।
আর্টেমিস-২ ছিল একটি পরীক্ষামূলক মানববাহী অভিযান। এর সফলতার ওপর ভিত্তি করে নাসা আগামী ২০২৮ সালের মধ্যে আবারও মানুষের পদচারণা চাঁদের মাটিতে নিশ্চিত করার পরিকল্পনা করছে।
অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত মহাকাশযানটি সমুদ্র থেকে উদ্ধার করে নভোচারীদের নিরাপদে স্থলে নিয়ে আসে।



