প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প তাকে ‘অপরাধের ক্ষেত্রে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে অযোগ্য’ আখ্যা দেওয়ার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
আলজেরিয়া সফরের উদ্দেশ্যে যাত্রাকালে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, তিনি কোনো রাজনৈতিক চাপকে ভয় পান না। তাঁর প্রধান দায়িত্ব হলো ধর্মীয় বাণী প্রচার করা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
পোপ আরও বলেন, তারা রাজনীতিবিদ নন এবং আন্তর্জাতিক বিষয়গুলো তারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। তিনি নিজেকে একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, মানবতার কল্যাণ ও শান্তিই তার মূল লক্ষ্য।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে পোপের এই মন্তব্য তুলে ধরা হয়েছে। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে পোপের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এই বিরোধের সৃষ্টি হয়েছে।



