প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:১৩ পিএম
ভারতের রাজস্থান রাজ্যে একটি বৃহৎ রিফাইনারি উদ্বোধনের আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উদ্বোধনী অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই রিফাইনারির উদ্বোধনের কথা থাকলেও আগুন লাগার পর পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
এই রিফাইনারিটি রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত। এটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স হিসেবে পরিচিত। প্রকল্পটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখান থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য ভবিষ্যতে বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে এটি পুনরায় উদ্বোধন করে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় এবং ব্যয় বৃদ্ধি করে প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়।



