প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১২ এএম
ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ এবং বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে বাহরাইন ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।
সরকারি বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব হারানো এসব ব্যক্তি বাহরাইনি বংশোদ্ভূত নন। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো ইরানের বিরুদ্ধে পরিচালিত কর্মকাণ্ডকে সমর্থন ও প্রশংসা করা, পাশাপাশি বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্যের শর্ত ভঙ্গ করা এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা।
রাজা হামাদ বিন ইসা আল খলিফার রাজকীয় নির্দেশে জাতীয়তা আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, কারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য—এ বিষয়টি আরও পর্যালোচনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘বার্ড’। তাদের দাবি, কোনো আইনি সুরক্ষা বা আপিলের সুযোগ না দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দমন-পীড়নের ঝুঁকিপূর্ণ উদাহরণ। সংস্থাটি স্মরণ করিয়ে দেয়, এর আগেও ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ৯৯০ জনের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন।
বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যখন ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনায় আরও জটিল হয়ে উঠেছে, তখন এই সিদ্ধান্ত নতুন করে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।



