রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ফিরতে বাধা দেওয়ার অভিযোগ মাচাদোর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:২৭ পিএম

দেশে ফিরতে বাধা দেওয়ার অভিযোগ মাচাদোর

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে দেশে ফিরতে চাইলেও বর্তমান প্রশাসন তার প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ তুলে ধরেন।

মাচাদো বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে থাকা নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি। কিন্তু দেশে ফেরার উদ্যোগ নেওয়ার পর সরকার বাণিজ্যিক আকাশপথ বন্ধ করে তার যাত্রা ব্যাহত করার চেষ্টা করেছে বলে দাবি করেন।

তার বক্তব্য অনুযায়ী, পরে ওই সিদ্ধান্ত থেকে সরকার সরে এলেও যারা তার দেশে ফেরা সহজ করতে সহযোগিতা করেছিলেন, তাদের নানাভাবে ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তার দেশে প্রত্যাবর্তনকে জটিল করে তোলা হচ্ছে।

গত বছরের শেষ দিকে দেশ ছাড়ার পর থেকে মাচাদো বিদেশে অবস্থান করছেন। পরে তিনি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। এরপর থেকেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে আসছেন।

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়ায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা এক হাজার সাতশর বেশি। দুর্যোগের পর রাজধানীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও দেশের অন্যান্য কয়েকটি বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক যাতায়াত অব্যাহত রয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটও বর্তমানে বেশ উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনায় দেশটির ক্ষমতার ভার বর্তেছে অন্তর্বর্তীকালীন প্রশাসনের ওপর। বর্তমানে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।

এর আগে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরোধী জোট তাদের প্রার্থীর বিজয়ের দাবি জানালেও ক্ষমতাসীন পক্ষ তা প্রত্যাখ্যান করে। সেই রাজনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় মাচাদো কয়েক মাস আগে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!