রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬০০

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১০:০২ এএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬০০

ছবি: সংগৃহীত

ভয়াবহ দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্যোগে আরও ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। পাশাপাশি বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে এখনো অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ দুর্যোগ পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ভূমিকম্পের তাণ্ডবে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

দুর্গত এলাকাগুলোতে এ পর্যন্ত ৯ হাজার ৬০৩ টন খাদ্য এবং ৮৩ লাখের বেশি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রায় ২৬ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিপুলসংখ্যক কর্মী নিয়োজিত রয়েছেন। সরকারি বাহিনীর পাশাপাশি হাজারো স্বেচ্ছাসেবক এবং আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা হয়েছে ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

এদিকে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত এক হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এতে দুর্গত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে গত ২৪ জুন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই কম্পনে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে, তবে ভারী উদ্ধার সরঞ্জামের সংকটে অনেক জায়গায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!