প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১০:৫৪ এএম
দক্ষিণ আফ্রিকায় একটি অনুমোদিত খনির বর্জ্য ফেলার স্থান ধসে অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) রাতে দেশটির একটি খনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি স্থানীয় খনি প্রতিষ্ঠানের অনুমোদিত বর্জ্য স্তূপে অবৈধভাবে খননকাজ চালানোর সময় হঠাৎ বিশাল একটি বর্জ্যের স্তর ধসে পড়ে। এতে সেখানে কাজ করা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের খনন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
নিহত ও আহতদের বেশির ভাগই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে অবৈধ খননকাজ ও অনুমতি ছাড়া খনি এলাকায় প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা থাকায় উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন।
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন খনি এলাকায় অবৈধভাবে খনিজ উত্তোলনের ঘটনা নতুন নয়। ঝুঁকিপূর্ণ পরিবেশে অনুমতি ছাড়া খননকাজ করায় প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এবারের দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং অবৈধ খনন ঠেকাতে আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



