রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ৪৬ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৯:০২ এএম

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ৪৬ জনের

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার পাওয়া তথ্য অনুযায়ী, সোকোতো রাজ্যের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে নৌকাডুবির পর ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল দুর্গম এলাকায় পৌঁছে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী দলের সদস্যদের বেশ বেগ পেতে হচ্ছে। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার কার্যক্রমও জটিল হয়ে পড়েছে। তবে নিখোঁজদের সন্ধান ও মৃতদেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা শিশুদের অনেকে কৃষক ও শ্রমিকদের সঙ্গে ধান কাটার কাজে যাওয়ার পথে ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় একটি মসজিদের সামনে দাফনের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি মরদেহ রাখা হয়েছিল বলেও জানা গেছে।

নাইজেরিয়ায় নৌপথে দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির বিভিন্ন এলাকায় অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

এর আগেও দেশটির বিভিন্ন অঞ্চলে একাধিক নৌদুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। গত মাসে জিগাওয়া রাজ্যে নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদীতে দুই শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেলে উদ্ধার করা হয়েছিল ৫৪টি মৃতদেহ।

সোকোতোর সর্বশেষ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!