রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:২৬ পিএম

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের চোখের জলে শেষ বিদায় জানানো এই নেত্রীকে পরে শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নারীর মৃত্যু ও বিশাল জানাজার আয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব পেয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সাবেক এই নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় মানুষের ঢল নামে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর রাজপথ জনসমুদ্রে রূপ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুধু একনজর দেখা ও শেষ শ্রদ্ধা জানানোর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও লাখ লাখ মানুষ ঢাকায় এসে জড়ো হন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকাবহ হয়ে উঠেছে। তারা তার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনসমাগমকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। একইভাবে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেয়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ ও সংগ্রামী অধ্যায়ের অবসান ঘটেছে। তার জানাজায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্পষ্টভাবে প্রমাণ করে, জনগণের হৃদয়ে তার অবস্থান কতটা গভীর ছিল। জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!