প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:২১ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে কিমের এই অবস্থান নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান, ইউক্রেন যুদ্ধ এবং দুই দেশের সামরিক সহযোগিতা বিবেচনায় এই বার্তার তাৎপর্য আরও বেড়ে গেছে।
বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, কিম জং উন শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) মাধ্যমে জানায়, তিনি পুতিনের সব নীতি ও সিদ্ধান্ত নিঃশর্তভাবে সম্মান করেন এবং সমর্থন জানাচ্ছেন। কিমের চিঠিতে বলা হয়েছে, “আপনার ও রাশিয়ার স্বার্থে সব সময় আপনার পাশে থাকার দৃঢ় ইচ্ছা আমার রয়েছে। এই সিদ্ধান্ত স্থায়ী ও অপরিবর্তনীয়।”
চিঠিতে কিম আরও লিখেছেন, “আমাদের মধ্যে প্রকৃত কমরেডসুলভ সম্পর্ক আমি গভীরভাবে অনুভব করেছি। আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি সবচেয়ে মূল্যবান এবং গর্বের বিষয় হিসেবে মনে করি।” কেসিএনএ জানিয়েছে, পুতিনের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়, যদিও পুতিন কখন বা কোন উপলক্ষে বার্তা পাঠিয়েছিলেন তা জানা যায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। এর অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধের সময় পিয়ংইয়ং রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে। এছাড়া গত আগস্টে প্রায় এক হাজার সামরিক প্রকৌশলীকে রাশিয়ার কুরস্ক শহরে পাঠানো হয়েছিল, যাতে তারা ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন মাইন অপসারণে রাশিয়াকে সহায়তা করতে পারে।
এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১৫ হাজার সেনা পাঠিয়েছে এবং এই যুদ্ধে প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে উত্তর কোরিয়া ও রাশিয়া একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় তৃতীয় পক্ষের হামলার শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার রয়েছে।



