রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:৩৯ পিএম

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০,  বাংলাদেশিসহ উদ্ধার ৩২

ছবিঃ সংগৃহীত

লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর ইতালি ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার তৎপরতায় ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, নৌকাটি লিবিয়ার তাজাউরা এলাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরে লিবিয়ার ‘বৌরি তেলক্ষেত্র’ থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, প্রবল ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।

জার্মান উদ্ধারকারী সংস্থার পর্যবেক্ষণ ফুটেজে দেখা যায়, পানিতে ডুবে যাওয়া নৌকার ওপরের অংশে কয়েকজন প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের এবং মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

এখনো নিখোঁজ ৭০ জনের সন্ধানে তল্লাশি চলছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনাটিকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তাদের মতে, এই বিপজ্জনক পথ বন্ধ না হলে এমন দুর্ঘটনা বারবার ঘটতে পারে।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় এশিয়া ও আফ্রিকার বহু মানুষ প্রতিবছর ঝুঁকিপূর্ণভাবে এই সাগর পাড়ি দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসেই এ পথে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!