প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১৬ পিএম
দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে পুনরায় স্বাভাবিক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমনটা হলে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার অবসান ঘটতে পারে।
শনিবার এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা যায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নেওয়া হবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়টি বর্তমানে উচ্চপর্যায়ের পর্যবেক্ষণে রয়েছে। সংশ্লিষ্ট একটি কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ভিসা চালুর সম্ভাবনায় কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমন আবারও ব্যবসায় গতি ফিরিয়ে আনবে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরকালে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।



