প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৮ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাসের টিকিট কালোবাজারি রোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়কে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় এই যৌথ তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড় আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট নাঈম রহমান।
অভিযানের অংশ হিসেবে শহরের দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় সংশ্লিষ্টদের টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পরে জেলা বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করা হয়।
একই সঙ্গে পঞ্চগড় সুগার মিল সংলগ্ন জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং চালকদের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
লেফটেন্যান্ট নাঈম রহমান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। ঈদকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



