প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৩৮ পিএম
বরগুনা জেলায় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সদর উপজেলাকে ‘লাল অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে এ জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৫ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা ওষুধের ঘাটতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনীয় বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য আর্থিক চাপ তৈরি করছে।
এ বিষয়ে মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর উপজেলাকে লাল অঞ্চল ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।



