প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩৩ পিএম
মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর টয়লেটে আটকে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) হোটেল বাজার এলাকার বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটকে পড়া শিক্ষার্থীর নাম কামরুন নাহার সাদিকা (৮)। সে শহরের ঘাটপাড়া এলাকার রিকশাচালক কবিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির সময় টয়লেটে গেলে ভেতরে আটকা পড়ে শিশুটি। পরে বিকেল চারটার দিকে স্কুলের বাইরে থাকা এক পেয়ারা বিক্রেতা কান্নার শব্দ শুনে বিষয়টি টের পান। এরপর তিনি প্রাচীর টপকে ভেতরে গিয়ে শিশুটিকে টয়লেটের জানালার গ্রিল ধরে কান্নাকাটি করতে দেখেন।
তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পরে স্কুলের সহকারী শিক্ষিকার সহায়তায় তালা খুলে শিশুটিকে উদ্ধার করা হয়।
এদিকে দীর্ঘ সময় ধরে মেয়ের খোঁজ না পেয়ে তার বাবা স্কুলে এসে পৌঁছান এবং মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লীনা ভট্টাচার্য জানান, স্কুলে আয়া বা নৈশপ্রহরী না থাকায় শিক্ষকরা নিজেরাই দায়িত্ব পালন করেন এবং ভুলবশত এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



