প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ০৯:১৬ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির ধাক্কায় আমির হামজা নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর চালক ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা স্থানীয় হাকিম আলীর ছেলে। সে বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রুটি, কলা ও ডিম নিয়ে একটি খাদ্যবাহী গাড়ি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছিল। এ সময় গাড়িটি পেছনের দিকে সরানোর সময় মাঠে অবস্থান করা শিশু আমির হামজা গাড়ির ধাক্কায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে গাড়ির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও দেখা দেয় চরম উদ্বেগ। অনেকেই বিদ্যালয় প্রাঙ্গণে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



